তারেক রহমানের ‘চাচাতো ভাই’গ্রেপ্তার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘চাচাতো ভাই’ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া ব্যারিস্টারকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শামীম রহমান (৩৩)। তিনি বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিল মিয়ার ছেলে। এসএসসি পর্যন্তও লেখাপড়া না করলেও দীর্ঘদিন ধরে নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এ ঘটনায় প্রতারণার শিকার ভুক্তভোগী হারুন-উর-রশিদ বুধবার রাতে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, কিছুদিন আগে ঢাকার বিএনপি কার্যালয়ের সামনে এক ব্যক্তির সঙ্গে সাক্ষীদের পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই এবং ব্যারিস্টার পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানান, তিনি ঢাকায় থাকেন এবং দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তিনি ইচ্ছা করলেই দলের বিভিন্ন পদ-পদবি পাইয়ে দিতে পারেন বলে আশ্বাস দেন।

এরপর ২২ জুন বিকেল সাড়ে ৫টার দিকে সেই পরিচয়ধারী ব্যক্তি বগুড়ার মম-ইন কফি শপের সামনে সাক্ষী ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদার সঙ্গে দেখা করেন। যুবদলের পদ পাইয়ে দেওয়ার কথা বলে তিনি ইমরানের কাছে ২ লাখ টাকা ও রব্বানীর কাছে ১ লাখ টাকা দাবি করেন। কথাবার্তার একপর্যায়ে সাক্ষীরা তাকে ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন।

পরে বিষয়টি যাচাই করে তারা জানতে পারেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন কোনো আত্মীয় নেই এবং ওই ব্যক্তি বিভিন্ন জেলা ও এলাকায় দীর্ঘদিন ধরেই একই কৌশলে প্রতারণা করে আসছেন। কখনো নেতাকর্মীদের, কখনো প্রশাসনের কর্মকর্তাদের ফোন বা মেসেজ দিয়ে পদ-পোস্টিংয়ের আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।