প্রবাসীর বাড়িতে চিঠি দিয়ে ডাকাতের হত্যা-গণধর্ষণের হুমকি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতদের পাঠানো উড়ো চিঠিতে ভয়াবহ হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে টাকা-পয়সা ও স্বর্ণালংকার না পেলে পরিবারের সদস্যদের হত্যার পাশাপাশি ছেলের স্ত্রীর প্রতি গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে প্রবাসীর বাবা সিরাজ মিয়া পরিবারকে নিরাপত্তা দিতে আবেদন জানিয়ে কোম্পানীগঞ্জ থানাসহ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেন।

এর আগে, বুধবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সিরাজ মিয়ার বাড়ির গেটের সামনে একটি হাতে লেখা উড়ো চিঠির খাম পাওয়া যায়। চিঠিটি স্বাক্ষর করা ‘লাল শাহ ডাকাত, প্রধান—লাল বাহিনী’ নামে।

হাতের লেখায় লেখা চিঠিতে বলা হয়,
“তোমার বাড়িতে অনেক টাকা-পয়সা ও স্বর্ণালংকার আছে। যদি এগুলো না পাই, তোমার ছেলে ও নাতিকে দুনিয়া থেকে সরিয়ে ফেলব। আর তোমার সামনেই ছেলের বউকে গণধর্ষণ করব। ইতি—তোমাদের স্নেহধন্য, লাল শাহ্ ডাকাত (লাল বাহিনীর প্রধান)।”

সিরাজ মিয়া জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে ইতালিতে থাকেন এবং মাসখানেক আগে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি স্ত্রী, পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে বাড়িতে অবস্থান করছেন। বুধবার রাত ১০টার পর ছেলেটি বাজার থেকে বাড়ি ফেরার সময় গেটের সামনে খামের ভেতরে চিঠিটি দেখতে পান। চিঠি পড়ার পর পুরো পরিবার আতঙ্কে রাত পার করে। পরদিনই স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন তারা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চিঠির উৎস ও বিষয়বস্তু যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।