খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫
ভারতের কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ৪০ বছর বয়সে এবং অবিবাহিত অবস্থায় তিনি আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তানের মা হতে চলেছেন। খবর নিউজ এইটিন-এর।
ইনস্টাগ্রামে একটি বেবি বাম্পের ছবি পোস্ট করে নিজেই ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ভাবনা। ক্যাপশনে লেখেন, ‘নতুন অধ্যায়, নতুন ছন্দ। কখনো ভাবিনি এমনটা বলব—আমি মা হতে চলেছি। যমজ সন্তান আসছে, আমি কৃতজ্ঞ।’
চিকিৎসাগত ও সামাজিক নানা বাধা পেরিয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। ভাবনা জানান, অনেক আইভিএফ ক্লিনিক তাকে ফিরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসক সুষমার সহায়তায় প্রথম প্রচেষ্টাতেই সফল হন তিনি।
পরিবারের নিরন্তর সমর্থনের কথাও উল্লেখ করেছেন ভাবনা। বলেন, ‘বাবা, ভাই-বোনেরা ভালোবাসা দিয়ে পাশে থেকেছে। কেউ কেউ প্রশ্ন তুললেও আমি জানতাম—আমি প্রস্তুত।’
সন্তানদের পিতৃপরিচয় নিয়ে ভাবনার সোজাসাপটা বক্তব্য—‘তাদের বাবা থাকবে না—এটা ঠিক। কিন্তু ভালোবাসা, সংস্কৃতি আর আত্মবিশ্বাসে বেড়ে উঠবে তারা।’
নিজের এই সিদ্ধান্তকে ‘বিদ্রোহ’ নয়, বরং ‘নিজের সত্যকে সম্মান জানানো’ বলেই ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। বলেন, ‘যদি আমার গল্প একজন নারীকেও অনুপ্রাণিত করে, সেটাই যথেষ্ট।’