খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫
যশোরের মনিরামপুরে বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে পৌর শহরের মনিরামপুর সরকারি কলেজের দক্ষিণপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত আবুল খায়ের দফাদারের ছেলে নাজমুল হোসেন এবং গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া।
আহতদের মধ্যে সোয়াইব হোসেন ও ইব্রাহিম হোসেনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাবুল আক্তার নামে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরামপুর পৌর শহর থেকে ভ্যানে করে কয়েকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। ভ্যানটি মনিরামপুর কলেজের সামনে পৌঁছলে পেছন থেকে ধাক্কা দেয় যশোরগামী একটি বাস। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান রতন। এরপর বাসটি পালিয়ে যেতে চাইলে পথচারী নাজমুল শেখ বাধা দিতে চান। তখন বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান নাজমুল। পরে স্থানীয়রা চালক আবদুল গনিসহ বাসটি আটক করে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
খবরওয়ালা/এমইউ