পাকিস্তানে ভারী বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭২

পাকিস্তানে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় গত ১০ দিনে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) ও স্থানীয় প্রশাসন।

জানা গেছে, ২৬ জুন থেকে শুরু হওয়া এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, সিন্ধ ও বেলুচিস্তান প্রদেশ। এনডিএমএ সতর্ক করে বলেছে, টানা বৃষ্টিপাতে আরও ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। বিপজ্জনক এলাকায় সাধারণ মানুষ ও পর্যটকদের না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি অঞ্চলে যোগাযোগব্যবস্থা ও মহাসড়ক ধসে পড়ার ঝুঁকি রয়েছে।

এর আগে গত মাসে সোয়াত নদীতে ভয়াবহ এক ঘটনায় একই পরিবারের ১৭ জন সদস্য স্রোতের তোড়ে ভেসে যান। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের মরদেহ উদ্ধার হয় পরে। ওই ঘটনার একটি ভিডিও, যেখানে পরিবারের সদস্যরা ছাদে আশ্রয় নিয়ে বাঁচার আকুতি জানাচ্ছিলেন, ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। জরুরি সেবার ধীরগতির প্রতিক্রিয়া নিয়েও সমালোচনার ঝড় ওঠে।

প্রসঙ্গত, ২০২২ সালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ অঞ্চল পানিতে তলিয়ে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন অন্তত ১ হাজার ৭৩৭ জন। চলমান দুর্যোগ সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কাও জাগিয়ে তুলেছে বিশেষজ্ঞদের মনে। সূত্র: এপি, ইউএনবি

 

খবরওয়ালা/এন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।