খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মন্তব্য করেছেন, মাঝেমধ্যে দু-এক দিন বন্ধ থাকলেও থেমে নেই পুশইন ও পুশব্যাক। এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিনিয়ত কড়া প্রতিবাদ সবসময় জানিয়ে আসছি। আমরা বলেছিলাম, নিয়মমাফিকভাবে হ্যান্ডওভার করতে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যদি আমাদের কেউ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে থাকে তাহলে আমরা বিএসএফকে বুঝিয়ে মিটিংয়ের মাধ্যমে সমঝোতা করে তাদের ফিরিয়ে আনা নিশ্চিত করেছি। কিন্তু কিছু কিছু জায়গায় তারা আমাদের কাছে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে। কিন্তু সর্বক্ষেত্রে বিএসএফ শুনছে না। কিছু কিছু জায়গায় পুশব্যাক বা পুশইন এখনো চলছে।
বিজিবি মহাপরিচালক বলেন, আমরা বিএসএফকে বলার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমিক পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাইকমিশনে একাধিকবার লেখা হয়েছে। বাংলাদেশ দূতাবাসেও লেখা হয়েছে। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের হাইকমিশনারের সঙ্গে আমি যোগাযোগ রাখছি। আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যারা আসছেন, তারা বাংলাদেশি। তবে তারা আগে ভারতে গিয়েছিল।
ভারতে আশ্রিত রোহিঙ্গাদেরও বাংলাদেশি নাগরিক বলে পুশব্যাক করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শুধু বাংলাদেশিকেই পুশব্যাক করানো হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিককে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু রোহিঙ্গা নাগরিককেও পাঠিয়ে দিচ্ছে- যা মানবাধিকার লঙ্ঘনের শামিল হয়ে যাচ্ছে বলে কঠোর প্রতিবাদ করেছি। জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের সংক্রান্ত খবর প্রকাশ হয়েছে।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত রক্ষা বা নিরাপত্তা নিশ্চিত করার পরই বাকি জনবলগুলো আমরা সুষ্ঠু-সুন্দর ফেয়ার জাতীয় নির্বাচনের জন্য যে সাপোর্টটুকু দেওয়া দরকার তা যেন দিতে পারি।
তিনি আরও বলেন, সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দেয় আমরা সেভাবে কাজ করব। এ ব্যাপারে নির্বাচন কেন্দ্রে, বা ভোটকেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি ভয় বা জন জীবনের নিরাপত্তা হানি ঘটে সেজন্য শুধু বিজিবি নয়- পুলিশ, আনসার, কোস্ট গার্ডসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সকল বাহিনীকে নিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
খবরওয়ালা/এফএস