খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মেহেরুন্নেছা ভুমি (২২) নামে মোটরসাইকেল আরোহী এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তান ফ্লাইওভার টোল প্লাজার জ্যামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেরুন্নেছা ভুমির গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। স্বামী মুসা কালিমুল্লাহ’র সঙ্গে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের মদিনা চত্বর এলাকায় থাকতেন তিনি।
এছাড়া আহতদের মধ্যে একজনের নাম রোকনুদ্দিন আহমেদ রানা (৪৫)। তবে আহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সকালে ফ্লাইওভারের টোল প্লাজার জ্যামে আটকে থাকা কয়েকটি মোটরসাইকেলকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কয়েকজন আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মেহেরুন্নেছা ভুমির মৃত্যু হয়।
মেহেরুন্নেছার স্বামী মুসা কালিমুল্লাহ জানান, তাদের এক মেয়ে সন্তান রয়েছে। এছাড়া তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে মগবাজারের আদ্বদীন হাসপাতালে যাচ্ছিলেন তারা। পথে হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার জ্যামে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় পেছন থেকে আসা মনজিল পরিবহনের একটি বাস কয়েকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা মেহেরুন্নেছা ছিটকে পড়ে গেলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
মুসা কালিমুল্লাহ বলেন, ‘দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটি বেপরোয়া গতিতে এসে পেছন থেকে ধাক্কা দেয়। বাসটির কোনো ত্রুটি ছিল, নাকি ইচ্ছাকৃতভাবে চালক কাজটি করেছে পুলিশের কাছে তদন্ত করার দাবি জানাচ্ছি। ঘটনায় আমাদের সামনের আরও একটি মোটরসাইকেলের দুইজন আহত হয়েছেন।’
এদিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রোকনউদ্দিন রানা জানান, তিনি পাঠাও অ্যাপে রাইড শেয়ার করেন। সকালে ধোলাইপাড় থেকে যাত্রী নিয়ে হাতিরপুল আসছিলেন। হানিফ ফ্লাইওভারে বাসটি তাদের মোটরসাইকেলেও ধাক্কা দেয়। এতে তার বাইকের পেছনে বসে থাকা যাত্রীও গুরুতর আহত হয়। তাকে অন্য একটি হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর আহত ওই নারীসহ দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এছাড়া আহত ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আমির উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই মনজিল পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে।
খবরওয়ালা/এসআর