খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫
খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দলের প্রস্তাবিত জেলার এক যুগ্ম আহ্বায়ক মো. রাসেল।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রাসেল দাবি করেন, গুইমারা বাজারের ইজারার শেয়ার বিক্রি করে তিনি ৯ লাখ ২৫ হাজার টাকা লাভ করলেও দলের নেত্রী ঝুমা তাকে মাত্র ২৫ হাজার টাকা দিয়েছেন। “পুরো প্রক্রিয়ায় ঝুমা নিজেই সম্পৃক্ত ছিলেন। অথচ লাভের টাকা নিজের কাছে রেখে দিয়েছেন,” বলেন রাসেল।
তিনি আরও অভিযোগ করেন, মনজিলা সুলতানা ঝুমা জেলা পরিষদের সদস্য হিসেবে নানা প্রকল্প নিজের নামে বরাদ্দ নিয়েছেন এবং এসব প্রকল্পের সরকারি অর্থ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। “জেলা পরিষদে উনার নামে যেভাবে প্রকল্প বরাদ্দ হচ্ছে, তা শুধু নিজের স্বার্থে। এনসিপিকে ব্যবহার করে তিনি নিজের আখের গুছাচ্ছেন,” দাবি করেন রাসেল।
তিনি বলেন, এই বিষয়ে তিনি এনসিপির কেন্দ্রীয় সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং যথাযথ পদক্ষেপের আশ্বাস পেয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনজিলা সুলতানা ঝুমা অভিযোগ অস্বীকার করে বলেন, “রাসেল আমাদের দলের সাধারণ একজন কর্মী মাত্র। তার সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। সে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং ২১ জুলাইয়ের কর্মসূচি বানচালের ষড়যন্ত্র।”
তিনি আরও দাবি করেন, রাসেল ফেসবুকে যে পোস্ট করেছে, তা অন্য রাজনৈতিক দলের লোকজন শেয়ার করছে, যা থেকে প্রমাণ হয়, সে অন্য দলের হয়ে কাজ করছে। “এই অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই,” বলেন ঝুমা।
এ নিয়ে জেলা রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। এনসিপির অভ্যন্তরীণ কোন্দল নতুন করে প্রকাশ্যে এল এই ঘটনায়।
খবরওয়ালা/আশ