যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা

যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার জেরে আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে এবং এসিআই গ্রুপের ডিপোতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার দাবি করেছে, কৌশলে ফোন করে ডেকে এনে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছে ঘাতকরা।

বিপুলের বাবা আখতার হোসেন জানান, অভিযুক্ত বাপ্পী ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা ও বিপুলের পুরনো বন্ধু। বাপ্পী মাদকাসক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরে সুমাইয়া বিপুলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তারা বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাপ্পী একাধিকবার বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দেয়। এমনকি বাড়ির সামনে বোমা বিস্ফোরণও ঘটায়।

আখতার হোসেন বলেন, “আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। অবশেষে কৌশলে ফোন করে ডেকে নিয়ে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।”

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়, তবে অতিরিক্ত রক্তক্ষরণে কিছু সময় পরই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের মধ্যে হত্যাকাণ্ড ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।