মাদারীপুরে ইজিবাইকে চলন্ত অবস্থায় ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত আয়শা আক্তার মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার বাসিন্দা জামাল শিকদারের মেয়ে। তিনি খোঁয়াজপুরের সৈয়দ আবুল হোসেন কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় ইজিবাইকের আরও দুই যাত্রী সিহাব মাদবর ও মামুন খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ, স্থানীয় এবং নিহতের পরিবারের বরাতে জানা গেছে, বিকেলে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে বাড়ি থেকে শহরের পুরান বাজারে যাচ্ছিলেন আয়শা। পথিমধ্যে তার বন্ধু সিহাব ও মামুন একই ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌর ভবনের সামনে পৌঁছালে চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে আয়শার মৃত্যু ঘটে।
পরে আয়শার মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, কলেজছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আটক দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
খবরওয়ালা/টিএস



