আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৪ জুলাই) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইট নেই, অথবা থাকলেও হালনাগাদ নয়, তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) এর আওতায় থাকতে হবে এবং সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে পৃথক ওয়েবসাইট তৈরি করতে হবে।
ওয়েবসাইটে যেসব তথ্য হালনাগাদ রাখতে হবে, তার মধ্যে রয়েছে—
- প্রতিষ্ঠানের পরিচিতি
- পাঠদানের অনুমতি ও স্বীকৃতি
- শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা
- শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য
- পূর্ণাঙ্গ রুটিন, পাঠ্যসূচি ও নোটিশ
- শিক্ষক ও শিক্ষিকাদের নাম
- এমপিও সংক্রান্ত তথ্য
- প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষক-কর্মচারীর তথ্য
- ব্যবস্থাপনা কমিটির বিবরণ
- অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য
- তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা ও যোগাযোগ নম্বর
সব প্রতিষ্ঠানের ওয়েবসাইট আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হালনাগাদ করে মাউশির অ্যাডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (EMIS) মডিউলে আপলোড করতে বলা হয়েছে।
খবরওয়ালা/এন



