খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
অনেক তোড়জোড় করেও নিবন্ধনের যোগ্যতা অর্জনে ব্যর্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের সঙ্গে প্রাথমিক বাছাইয়ে টিকতে পারেনি আরও ১৪৩টি দল। অর্থাৎ নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের কেউ প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।
ফলে সবগুলো দলকে তাদের আবেদনপত্রে ঘাটতি থাকা কাগজপত্র আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি।
মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানান।
তিনি জানান, প্রাথমিকভাবে যাচাই করে দেখা গেছে, কোনো দলেরই জমা দেওয়া আবেদনপত্র পুরোপুরি মানসম্পন্ন নয়। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে চিঠি পাঠানো হবে বাকি ৮২টি দলকে।
সংশোধনের সুযোগ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণ না হলে আবেদন বাতিল হতে পারে।
গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশকিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
খবরওয়ালা/এসআর