ভারতীয় জেলেদের ধাওয়া করে জব্দ করা মাছ ১৭ লাখে বিক্রি, টাকা গেল কোষাগারে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের ধাওয়া করে জব্দ করা মাছ ১৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বাগেরহাটের মোংলা মৎস্য বিভাগের আয়োজিত নিলামে মাছগুলো বিক্রি করা হয়।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী অবৈধভাবে শিকার হওয়া মাছ নিলামে বিক্রি করা যায়। সেজন্য ভারতীয় জেলেদের জালে ধরা ইলিশ, বেলে, রূপচাঁদা, ছুরি, চিংড়িসহ ১০ প্রজাতির ৮ হাজার সামুদ্রিক মাছ নিলামে তুলে বিক্রি করা হয়েছে। বিক্রির পুরো টাকাটি সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’

এর আগে রবিবার (১৩ জুলাই) রাতে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ করে নৌবাহিনীর সদস্যরা। ট্রলার দুটির দিকে টহলদল এগোতে থাকলে ট্রলারগুলো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভারতীয় জেলেরা। তখন ধাওয়া করে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামে দুটি ভারতীয় মাছ ধরার ট্রলার এবং সঙ্গে থাকা ৩৪ ভারতীয় জেলেকে বাংলাদেশের জলসীমার মধ্যেই আটক করে নৌবাহিনী।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আটককৃত ৩৪ ভারতীয় জেলেকে সমুদ্র আইন বা মেরিন ফিশারিজ ‘ল’ অনুযায়ী মামলাও করা হয়েছে। মামলার বাদী মোংলা নৌঘাঁটির পেটি অফিসার রেজাউল করিম। এই ৩৪ জন জেলে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।