খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ই জুলাই ২০২৫, ১:৩৮ এএম
রাজধানীর আদাবর কাঁচাবাজারে ডিম নিয়ে তুচ্ছ এক বিবাদের জেরে গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
নিহত ইব্রাহিম শিকদার (৩২) নামে ওই ব্যক্তি ছিল স্থানীয় একজন গাড়িচালক। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ডিম ব্যবসায়ী সজীবের দোকানে কাজ করতেন সুজন শিকদার (২০), যিনি নিহত ইব্রাহিমের ভাগ্নে। কয়েকদিন আগে ভ্যানে ডিম নিয়ে যাওয়ার সময় কিছু ডিম ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে দোকান মালিক সজীব সুজনকে মারধর করেন। এ ঘটনায় ইব্রাহিম ও সজীবের পরিবারের মধ্যে সালিশ বসে নবোদয় হাউজিংয়ের ‘এ’ ব্লকের একটি দোকানে।
সালিশ চলাকালীন উত্তেজনার কারণে সজীব ইব্রাহিমের গালে চড় মারেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। হঠাৎ করেই সজীব ব্যাগ থেকে পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করেন। গুলিবিদ্ধ ইব্রাহিম সড়কে পড়ে গেলে আশপাশের লোকজন সজীব ও তার ভাই রুবেলকে আটক করে মারধর করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া জানিয়েছেন, সজীব ও তার ভাই রুবেলকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মৃত ইব্রাহিমের পরিবার মামলা করেন। পিস্তলটি বিদেশি ছিল এবং গুলির পরিমাণ তিনটি ছিল।
স্থানীয়রা বলছেন, সামান্য একটি ডিম ভাঙার বিষয়কে কেন্দ্র করে এত বড় ঘটনা হওয়া অনাকাঙ্ক্ষিত। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অপর দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী বিনা দোষে মারা গেছেন। তিন বছর বয়সী ছেলেকে নিয়ে আমি এখন কী করব, কোথায় যাব?”
পাশের দোকানের কর্মচারীরা এ ঘটনার পর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজান জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বৃদ্ধির জন্য বিট অফিসারদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
খবরওয়ালা/আশ
মন্তব্য