খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫
চিনি আমদানিতে দুর্নীতির অভিযোগে ইন্দোনেশিয়ার সাবেক বাণিজ্যমন্ত্রী থমাস ত্রিকাসিহ লেমবংকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
শুক্রবার (১৮ জুলাই) দেওয়া এ রায়ে বলা হয়, তিনি অবৈধভাবে চিনি আমদানির অনুমতি দিয়ে রাষ্ট্রের প্রায় ৩ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলার ক্ষতি করেছেন।
লেমবং ২০১৫ ও ২০১৬ সালে প্রেসিডেন্ট জোকো উইদোদোর সরকারের বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি রাষ্ট্রপ্রধানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তবে ক্ষমতা ছাড়ার পর থেকে তিনি সরকারের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচক হয়ে ওঠেন।
আদালতে লেমবং দাবি করেন, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিরোধী প্রার্থী আনিস বাসওয়েদানের প্রচার পরিচালনা করেছিলেন। নির্বাচনে জোকোর সমর্থিত প্রার্থী প্রাবোও সুবিয়ান্তো বিজয়ী হন। আর তার কয়েক দিনের মধ্যেই লেমবংকে গ্রেপ্তার করা হয়।
কিন্তু রাষ্ট্রপক্ষ লেমবংয়ের অভিযোগ নাকচ করে দিয়েছে। কৌঁসুলিদের দাবি, তার বিরুদ্ধে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ রয়েছে এবং মামলা হয়েছে পুরোপুরি আইনি প্রক্রিয়ায়।
উল্লেখ্য, ২০১৫ সালে ইন্দোনেশিয়ায় ২৪ লাখ ৯ হাজার মেট্রিক টন চিনি উৎপাদিত হয়, অথচ সে বছর ব্যবহার হয়েছিল ২১ লাখ ২ হাজার টন। তা সত্ত্বেও চিনি আমদানির অনুমতি দেওয়ার ঘটনায় প্রশ্ন ওঠে এবং তদন্ত শুরু হয়।
খবরওয়ালা/আশ