খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মাওলানা আবু সাঈদ (৫২) খুলনার দাকোপ উপজেলা আমির। আহতরা হলেন, জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন সবাই। এ সময় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ দেখতে পান, তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। আর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন।
মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, রাত ৩টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুই জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।
খবরওয়ালা/এমইউ