এসএসসিতে রেকর্ডসংখ্যক খাতা চ্যালেঞ্জ, আবেদন দুই লাখের বেশি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে কম পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় অনেক শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করেছে। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই এ বছর ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছে, যা গত বছরের চেয়ে অনেক বেশি।

জানা গেছে, ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ করা হয়। নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে এই আবেদনের ফল জানানো হবে। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, শিগগিরই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। যাদের ফল পরিবর্তন হবে, তাদের মোবাইলে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে এবং বোর্ডের ওয়েবসাইটেও সংশোধিত ফল পাওয়া যাবে।

বোর্ড সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পুনর্নিরীক্ষার আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৮২৯ জন বেশি। আবেদন করা খাতার সংখ্যাও বেড়েছে ৪০ হাজার ১২১টি। এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিতে—৪২ হাজার ৯৩৬টি। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি আবেদন করা হয়েছে। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলায়—মাত্র ৬টি।

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পুনর্নিরীক্ষায় মূলত চারটি দিক খতিয়ে দেখা হয়—উত্তরপত্রের প্রতিটি প্রশ্নে নম্বর দেওয়া হয়েছে কি না, নম্বর গণনায় ভুল আছে কি না, ওএমআর শিটে নম্বর সঠিকভাবে তোলা হয়েছে কি না এবং নম্বর অনুযায়ী বৃত্ত ভরাট ঠিকমতো হয়েছে কি না। এসবের মধ্যে কোনো ভুল থাকলে তা সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয়। তবে খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।