খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই ২০২৫
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিয়ের আগের রাতে এক কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, বিয়ের প্রস্তুতি চলাকালে হঠাৎ ১০–১২ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়িতে হানা দেয়। বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা বিয়েতে আগত আত্মীয়স্বজনদের কাছ থেকে স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক বিধান রায় জানান, রাতে বাড়ির সবাই ঘুমিয়ে থাকলেও তিনি বাইরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের সুযোগে মুখোশধারীরা বাড়িতে ঢুকে প্রথমে তাকেই জিম্মি করে। পরে তারা ঘরে ঢুকে পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে আটকে রাখে।
বিধান রায়ের ভাষ্যমতে, দুর্বৃত্তরা প্রায় ১.৭ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রুপা এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। তিনি বলেন, “আমার মেয়ের বিয়ের আগের রাতেই এমন ঘটনা আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।”
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, “বিয়েতে আগত অতিথিদের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হলেও কনের গয়না তারা নিতে পারেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে টহল জোরদার করেছে।
খবরওয়ালা/শরিফ