খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট দূর করতে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে মোট ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২২ জুলাই) থেকে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩ জন এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বাংলা বিভাগে সর্বোচ্চ ৬১টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি শূন্যপদ।
বিশেষ এ বিসিএসে আবেদন করা যাবে ২২ আগস্ট পর্যন্ত। আবেদনকারীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি সংগ্রহের পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে পারবেন। সে অনুযায়ী ফি জমা দেওয়ার শেষ সময় ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
খবরওয়ালা/টিএস