খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 8শে শ্রাবণ ১৪৩২ | ২৩ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৩ বছর বয়সী তাহিয়া তাবাসসুম নাদিয়ার মৃত্যুর পর এবার না-ফেরার দেশে পাড়ি জমাল তার ৯ বছর বয়সী ছোট ভাই আরিয়ান আশরাফ নাফিও।
বুধবার (২৩ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ-১০ নম্বর ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে মঙ্গলবার ভোররাতে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফির বোন তাহিয়া। তারা দুজনেই ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলামের সন্তান। একমাত্র ছেলে-মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাতে আশরাফুল ঢাকায় উত্তরায় এসে বসবাস শুরু করেছিলেন। সন্তান দুজনকেই হারিয়ে শোকের গভীর সাগরে ভাসছে এই পরিবার।
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এছাড়া আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ১৬৫ জন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৬ জন ভর্তি, নিহত ১০; ঢাকা সিএমএইচে ২৮ জন ভর্তি, নিহত ১৬; উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন আহত, নিহত ১; অন্যান্য হাসপাতালেও আহত ও নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে শতাধিক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হতাহত হন। ঘটনার পরদিন মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়।
খরবওয়ালা/টিএসএন