নয় মাস ধরে স্কুলে না গিয়েও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক দম্পতি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দীর্ঘ নয় মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন এক শিক্ষক দম্পতি। ঘটনাটি ঘটেছে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের সুরীর চালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্তরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন এবং তাঁর স্ত্রী সহকারী শিক্ষক হাজেরা খাতুন। তাঁরা দুজনেই কোনো প্রকার ছুটি গ্রহণ না করেই গত ৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত।

স্থানীয় সূত্র ও বিদ্যালয় সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, প্রধান শিক্ষক কফিল উদ্দিন ২০২৪ সালের ১৮ নভেম্বর এবং তাঁর স্ত্রী হাজেরা খাতুন ৭ নভেম্বর থেকে স্কুলে অনুপস্থিত রয়েছেন। অথচ ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে নিয়মিতভাবে তাঁরা সরকারি বেতন-ভাতা তুলছেন।

বিদ্যালয়ের হাজিরা খাতায় তাঁদের কোনও স্বাক্ষর নেই বলে নিশ্চিত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই কফিল উদ্দিন নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িত ছিলেন। তাঁকে ঘিরে দুর্নীতি ও স্বজনপ্রীতির নানা অভিযোগ থাকলেও তার কোনো প্রতিকার মেলেনি। এমনকি তাঁর স্ত্রী হাজেরা খাতুনকে বিনা প্রতিযোগিতায় এবং অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষক হিসেবে নিয়োগ দেন বলেও দাবি স্থানীয়দের।

এলাকাবাসী বহুবার মানববন্ধন, বিক্ষোভ, এবং কুশপুত্তলিকা দাহ করে তাদের অপসারণ ও বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

এ বিষয়ে কথা বললে প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, ‌’আমরা স্কুলে যেতে চাই। কিন্তু বিদ্যালয়ে এখন আমাদের পক্ষে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই।’

তিনি জানান, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং তাঁরা এর জবাব দেবেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘তাঁদের অনুপস্থিতির বিষয়ে আমরা নোটিশ পাঠিয়েছি। বিষয়টি জেলা শিক্ষা অফিসসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ বলেন, ‘প্রশাসনিক অনুমতি ছাড়া দীর্ঘ সময় অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।