খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই ২০২৫
‘আমি মৌ শিখা। বহু বছর ধরে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই জানতাম, কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা লাগে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, এখন সেখানে আড়াই মাস ধরে মাসে মাত্র চার-পাঁচ দিন কাজ করছি।’ সম্প্রতি এক ফেসবুক পোস্টে অভিনেত্রী মৌ শিখা এসব কথা বলেন।
আয়ের আর কোনো উৎস নেই জানিয়ে শিখা বলেন, ‘অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল! কত সহজ সরল ছিল। কারো সাত-পাঁচে ছিল না কারো সামনে পিছনে ছিল না। আহারে মহিলাটার আত্মার শান্তি পাক।
কিন্তু তাতে কী লাভ হবে? আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের। বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব- আমি জানি না। তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোনো দরকার নেই।
হঠাৎ করে কেন কাজ কমে গেল, আমাকে ডিরেক্টররা ডাকছেন না কেন, মনে করছেন না কেন তাদের গল্পের চরিত্রের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি ২৫ বছর যাবৎ মিডিয়ায় আছি এখনো আমার রেমুনারেশন ও খুব একটা বেশি না তাহলে?’
কাজের মাধ্যমেই বেঁচে থাকতে চান জানিয়ে এ অভিনেত্রী সবশেষে লিখেছেন, ‘যে কয়দিন বাঁচি কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ সহায় আছে।
এদিকে অভিনেত্রী মৌ শিখার সেই পোস্ট দেখে দুঃখপ্রকাশ করেছেন তার ভক্ত অনুরাগী ও সহকর্মী তারকারা। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু সেই পোস্ট শেয়ার করে মৌ শিখার পাশে থাকার আহ্বান জানান সবাইকে।
মৌ শিখা দীর্ঘদিন ধরেই টিভি নাটকে কাজ করছেন। অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। তার অভিনীত ‘জমজ ভূতের গল্প’ নামের একটি চলচ্চিত্র এখনও মুক্তির অপেক্ষায়। বহু আগেই সিনেমাটির কাজ শেষ হলেও তা এখনও প্রেক্ষাগৃহে আসেনি।
খবরওয়ালা/ এমএজেড