খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ই জুলাই ২০২৫, ১২:১৬ পিএম
গত মাসজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন ২৮ জুলাই। কিছু অনলাইন মিডিয়া এ নিয়ে নিউজও করেছে। বলা হয়, আজ ২৮ জুলাই তারিখেই দীর্ঘ প্রবাসজীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন বাংলাদেশে। এ খবরে উদ্দীপ্ত হয়ে ওঠে দলীয় নেতাকর্মীদের অনেকে। তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুতিও নিয়েছিলেন।
তবে বাস্তবে দিনশেষে দেখা গেল, সেই প্রত্যাশা পূরণ হয়নি। আজকের দিনেও দেশে ফিরলেন না তারেক রহমান। ফলে হতাশ ও বিভ্রান্তি দেখা দিয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে।
দলটির কেন্দ্রীয় নেতারা অবশ্য শুরু থেকেই নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন, “তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারেন।” কিন্তু কিছু অনলাইন পেজ, ইউটিউব চ্যানেল ও রাজনৈতিক গুজবের বাজারে ‘২৮ জুলাই’র মতো নির্দিষ্ট তারিখ ছড়িয়ে পড়েছিল, যা এখন ভুল প্রমাণিত হয়েছে।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলার রিভিউ সংক্রান্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই আইনি বিষয়গুলো নিষ্পত্তি হলেই তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
এ নিয়ে একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘নেতার দেশে ফেরার বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত সতর্ক। আইনি প্রক্রিয়ার কিছু দিক এখনো বাকি আছে। এগুলো শেষ না হওয়া পর্যন্ত তারেক রহমানের ফেরার দিনক্ষণ বলা সম্ভব নয়।’
দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ভবিষ্যতে তাঁর প্রত্যাবর্তন নিয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেটি দলীয়ভাবে স্পষ্টভাবে জানানো হবে। ভুয়া তারিখ ও গুজবে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আজ দিনভর অনেক কর্মী-সমর্থক হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ ফেসবুকে লিখেছেন, ’আবারও তারিখ মিস!’ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘তারেক রহমান আদৌ কি ফিরে আসবেন?’
গুজবের ভিত্তিতে ছড়ানো আজ ২৮ জুলাই তারিখে দেশে ফেরেননি তারেক রহমান। আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁর ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিএনপির ঘনিষ্ঠ সূত্র। দলের পক্ষ থেকেও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে অপেক্ষা করার পরামর্শ দিয়েছে দলীয় নেতৃত্ব।
খবরওয়ালা/ এমএজেড
মন্তব্য