খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫
নোয়াখালীতে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ সাকিব উদ্দিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরাফাত নামে আরো একজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় টলারে থাকা চার জেলের মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করে পাশে থাকা অন্য জেলেরা।
সোমবার(২৮ জুলাই) ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব উদ্দিন ১৭ চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহত দুজন হলেন আফছার ও রহমান।
জেলেরা জানান, মাছধরা শেষে তীরের পাশে নদীতে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির ট্রলারটি। তাতে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। তাতে উল্টে যায় জেলেদের ট্রলারটি। পরে চিৎকার করলে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে।
নলচিরা নৌ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো ফয়সাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরাফাত উদ্দিনের সন্ধানে নদীতে কোস্টগার্ড ও নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খবরওয়ালা/এফএস