খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। ওশেনিয়ার তিন দেশ পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশ্বজুড়ে মোট ১৪টি দেশ ও অঞ্চলে এই সতর্কতা কার্যকর করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রিখটার স্কেলে রাশিয়ায় সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এ কারণে যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ফিলিপাইন, নিউজিল্যান্ডসহ একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।
মার্কিন ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানায়, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুর উপকূলীয় অঞ্চলে সুনামির আশঙ্কা রয়েছে। এসব এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির পাপুয়া নিউ গিনিতে অবস্থিত দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ‘আপনি যদি উপকূলীয় এলাকায় অবস্থান করেন এবং অস্বাভাবিক সমুদ্রস্রোত বা দীর্ঘ সময় ধরে কম্পন অনুভব করেন, তাহলে সঙ্গে সঙ্গে উঁচু স্থানে সরে যান।’
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চল, সমুদ্রসৈকত ও নদীর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য খাদ্য, পানি, ওষুধ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন।’
উল্লেখ্য, রাশিয়ার ভূমিকম্পের কারণে যেসব এলাকায় এখন পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর ও নিউজিল্যান্ড।
খবরওয়ালা/এন