ভারতের কর্ণাটকে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে প্রভাবশালী রাজনীতিক ও সাবেক এমপি প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি।
শনিবার (২ আগস্ট) কর্ণাটকের একটি আদালত এ রায় ঘোষণা করে। এর আগের দিন রেভান্নাকে তার সাবেক গৃহকর্মীকে যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
৩৪ বছর বয়সী রেভান্না কর্ণাটকের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েছেন। ২০২৩ সালে শতাধিক আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এসব অভিযোগ সামনে আসে এবং দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
রেভান্না অভিযোগ অস্বীকার করলেও দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতে কান্নায় ভেঙে পড়েন এবং শাস্তি কমানোর অনুরোধ জানান। তবে তিনি রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন।
দেবেগৌড়ার দল জনতা দল (সেক্যুলার) বর্তমানে বিজেপির মিত্র। এ ধরনের প্রভাবশালী পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে এমন সাজা ভারতের প্রেক্ষাপটে বিরল ঘটনা।
বিবিসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে ভিডিও কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে রেভান্না দেশ ছাড়েন। এক মাস পর জার্মানি থেকে ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণ ও একটি যৌন হয়রানির মামলা চলমান রয়েছে, যেগুলোও তিনি অস্বীকার করেছেন।
খবরওয়ালা/টিএসএন



