রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’: ভারতের ওপর ট্রাম্পের আরও ২৫ শতাংশ শুল্ক, মোট ৫০%

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর ফলে দেশটির পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে, যা চীনের তুলনায় ২০ শতাংশ ও পাকিস্তানের চেয়ে ৩১ শতাংশ বেশি। বুধবার স্থানীয় সময় রাতে এক নির্বাহী আদেশে ট্রাম্প এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে… আমার বিচার অনুযায়ী, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ‘‘অ্যাড ভ্যালোরেম ডিউটি’’ আরোপ করা প্রয়োজন।’

অ্যাড ভ্যালোরেম ডিউটি বা শুল্ক হলো এমন একটি আমদানি কর, যা পণ্যের মোট মূল্যকে ভিত্তি ধরে ধার্য করা হয় এবং এটি সংশ্লিষ্ট দেশের সরকার নির্ধারণ করে।

এই আদেশ জারির কয়েক ঘণ্টা আগে একটি মার্কিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়… তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে… তাই আমরা ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলাম… কিন্তু আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি এটি বাড়িয়ে দেব; কারণ, তারা রাশিয়ার তেল কিনছে।’

তিনি আরও অভিযোগ করেন, ভারতের উচ্চ শুল্ক এবং ‘কঠোর ও আপত্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা’ যুক্তরাষ্ট্রের জন্য সমস্যার সৃষ্টি করছে।

ট্রাম্পের এই অভিযোগের কড়া জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, ভারতের তেল কেনা ‘বৈশ্বিক বাজার পরিস্থিতির দ্বারা প্রভাবিত একটি বাধ্যবাধকতা’। মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের ঐতিহ্যবাহী জ্বালানি সরবরাহকারী দেশগুলো ইউরোপে সরবরাহ বাড়ানোয় ভারত বাধ্য হয়ে রাশিয়ার দিক ঝুঁকেছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশও রাশিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানি করছে, তবে তা তাদের জন্য কোনো ‘জাতীয় বাধ্যবাধকতা’ নয়।

এর আগে গত ৪ আগস্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেন। তিনি লিখেছিলেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’ ওই পোস্টেই তিনি হুঁশিয়ারি দেন, ভারতের ওপর শুল্ক আরও বাড়ানো হবে।

তবে সে সময় তিনি শুল্ক বৃদ্ধির নির্দিষ্ট হার উল্লেখ করেননি। ভারতের সরকারি সূত্রগুলো জানায়, নতুন শুল্ক আরোপের অর্থনৈতিক প্রভাব ভারতীয় অর্থনীতির ওপর খুব একটা গুরুতর হবে না।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।