বিমানের টয়লেটে ত্রুটির কারণে এক ঘণ্টা আকাশে ওড়ার পর ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। বুধবার (৭ আগস্ট) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে বিমানের জনসংযোগ ব্যবস্থাপক আল মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফ্লাইটটি রাত ১২টা ২৩ মিনিটে ঢাকার আকাশে উড্ডয়ন করে। তবে এক ঘণ্টার মধ্যেই বিমানের তিনটি টয়লেটের ফ্লাশ নষ্ট হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন এবং রাত ১টা ৩১ মিনিটে বিমানটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রীদের পরবর্তী ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এর আগে একই দিনে আরও একটি ফ্লাইটে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৮৮ ফ্লাইটটি কিছুক্ষণের মধ্যেই মিয়ানমারের আকাশে ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন অনুভব করে। পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। বিমান প্রকৌশলীরা ইঞ্জিনের সমস্যা খতিয়ে দেখছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রকৌশল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২৪ বছর পুরোনো ওই বোয়িং উড়োজাহাজটির ‘হেভি মেইনটেন্যান্স চেক’ সম্প্রতি শেষ হয়েছে এবং কয়েক দিন ধরে এটি অভ্যন্তরীণ রুটে চলাচল করছে। তবে বুধবারের যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত বিকল্প উড়োজাহাজ দিয়ে ব্যাংকক ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।
বিগত কয়েক সপ্তাহ ধরেই বিমানের বহরে যান্ত্রিক ত্রুটির ঘটনা নিয়মিত ঘটছে। ৬ আগস্ট, ৩০ জুলাই, ২৮ জুলাই, ২৪ জুলাই এবং ১৬ জুলাই একই ধরনের সমস্যা দেখা দেয় বিমানের বিভিন্ন আন্তর্জাতিক রুটে ব্যবহৃত উড়োজাহাজে।
৩০ জুলাই শারজাহ বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে ছয় ঘণ্টা আটকে ছিল একটি বোয়িং ৭৩৭। এর আগে ২৮ জুলাই ওড়ার পর কেবিন প্রেসারে ত্রুটি দেখা দেয়ায় দাম্মামগামী একটি বোয়িং ৭৭৭ ঢাকায় ফিরে আসে। ২৪ জুলাই দুবাই থেকে চট্টগ্রাম আসা আরেকটি ড্রিমলাইনার ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে ফের ফিরে আসে। ১৬ জুলাই চাকায় ত্রুটি দেখা দেওয়ায় দুবাই বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ হয় একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, যা ৩০ ঘণ্টা পর দেশে ফেরে।
বিমানের এই ধারাবাহিক যান্ত্রিক সমস্যা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিটি ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও, পুনরাবৃত্ত যান্ত্রিক ত্রুটি প্রতিষ্ঠানটির রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।
খবরওয়ালা/এন



