রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১১ আগস্ট) শিশুটির নানা বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছেন।
শিশুটির স্বজনেরা জানান, তাঁদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তারা মগবাজারের দিলু রোডে ভাড়া বাসায় থাকেন। শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, মামলার বিবরণ অনুযায়ী, গত শুক্রবার (৮ আগস্ট) দুপুরে অভিযুক্ত প্রতিবেশী বাবুল ব্যাপারী (৪৩) শিশুটিকে তাঁর নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দেন।
গত রবিবার (১০ আগস্ট) শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তার কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। এরপর আজ থানায় মামলা দায়ের করা হয়।
এসআই রাজিব আরও জানান, অভিযুক্ত বাবুল ব্যাপারী জাতীয় জাদুঘরে চাকরি করেন। গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে, শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
খবরওয়ালা/এসআই



