খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর রুবেল আনছারকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, বাংলা ডিসিপ্লিনের এক শিক্ষার্থী প্রফেসর রুবেল আনছারের বিরুদ্ধে যৌন হয়রানির একটি লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি বরাবর দাখিল করেছেন। অভিযোগটি ‘উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন নিরোধ নীতিমালা-২০০৮’-এর আওতায় হওয়ায় গত ১২ আগস্ট যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের ১৬৫তম সভায় তা আমলে নেওয়া হয়।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, তদন্তের স্বার্থে ১৩ আগস্ট থেকে তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে বিশ্ববিদ্যালয়ের সব দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যক্তিগত প্রশ্ন, অশালীন প্রস্তাব, একান্ত সাক্ষাতের চাপ, যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। অভিযোগ পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
খুবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা অনুযায়ী তদন্ত চলাকালে ওই শিক্ষককে দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
খবরওয়ালা/এসআর