খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 6শে ভাদ্র ১৪৩২ | ২১ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
এশিয়া কাপ টি-টোয়েন্টির আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরো সিরিজ। এই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার ও নারী ক্রিকেটে অভিজ্ঞ আম্পায়ার সাথিরা জাকির জেসি। এবারই প্রথম তিনি বাংলাদেশের পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যদিও মাঠে নয়, তিনি থাকবেন মাঠের বাইরে টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জেসি। প্রথম ও তৃতীয় ম্যাচে পালন করবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্ব। এর আগে তিনি পুরুষদের ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার হিসেবে কাজ করেছেন।
বিসিবি প্রকাশিত তালিকা অনুযায়ী নিয়ামুর রশীদ রাহুল থাকবেন ম্যাচ রেফারি। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মোরশেদ আলি খান, তানভির আহমেদ ও মাসুদুর রহমান মুকুল।
৩০ আগস্ট প্রথম ম্যাচে ফিল্ড আম্পায়ার থাকবেন তানভির আহমেদ ও মোরশেদ আলি খান। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, চতুর্থ আম্পায়ার জেসি। ১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভির ইসলাম। টিভি আম্পায়ার জেসি, চতুর্থ আম্পায়ার মোরশেদ আলি খান। ৩ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে মাঠে দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও মোরশেদ আলি খান। টিভি আম্পায়ার হবেন তানভির আহমেদ, আর চতুর্থ আম্পায়ার থাকবেন জেসি।
আগামী ২৬ আগস্ট নেদারল্যান্ডস দল বাংলাদেশ সফরে আসবে। সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ শেষে বাংলাদেশ দল এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাতে যাবে।
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে জেসির। তাই এই সিরিজ তার জন্য বড় অভিজ্ঞতা হিসেবে কাজ করবে।
গত বছর এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচে আম্পায়ার হিসেবে কাজ করেন জেসি। ২০২৪ সালের জুলাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ও ডিসেম্বরে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। উভয় টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একমাত্র আম্পায়ার ছিলেন তিনি।
আম্পায়ার হওয়ার আগে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাথিরা জাকির জেসি।
খবরওয়ালা/টিএসএন