ময়মনসিংহে মিলে মজুত রাখা ২৫ টন সরকারি চাল জব্দ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি অটো রাইস মিলে মজুদ করা ২৫ টনেরও বেশি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিলে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিলটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়। ইউএনও জানান, এসব চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরবরাহকৃত।

অভিযানে দেখা যায়, চালের বস্তাগুলো নতুন মোড়কে বাজারজাতের প্রস্তুতি চলছিল। উপস্থিতি টের পেয়ে মিলের লোকজন পালিয়ে যায়। তবে একটি ট্রলি ও একটি ট্রাকে থাকা সরকারি চালসহ এক ট্রলি চালককে আটক করা হয়। তার দেওয়া তথ্যে মিলের ভেতরে আরও চাল জব্দ করা হয়।

পুলিশের সহায়তায় উদ্ধারকৃত চাল উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। এ সময় চালের বস্তা ছাড়াও একটি ট্রলি, একটি ট্রাক, তিনটি অটোরিকশা ও বস্তা সেলাইয়ের একটি মেশিন জব্দ করা হয়।

ইউএনও জাকির হোসেন বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল যে এই মিলে বিপুল পরিমাণ সরকারি চাল রয়েছে। অভিযান চালিয়ে তা সত্য প্রমাণিত হয়েছে। জব্দকৃত চাল ও যানবাহনের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এই সরকারি চাল পাচারে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।