মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার!

নিখোঁজ থাকা সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন তার পরিবারের সদস্যরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজ শুক্রবার বিকাল ৫টা ৪৪ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মেঘনা নদীতে মরদেহ পাওয়া গেছে।’

শুক্রবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, ‘উদ্ধারকৃত মরদেহের ফুটেজ দেখে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। মরদেহের বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে। তবে বিভুরঞ্জনের পরিবারের সদস্যরা মুন্সীগঞ্জে যাচ্ছেন মরদেহ শনাক্ত করতে।’

বিভুরঞ্জন সরকারের ছোটভাই চিররঞ্জন সরকার বলেন, ‘আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি। পুলিশ যে ছবি দেখিয়েছে, আমি নিশ্চিত ছবিটি দাদার। এখন কিছু ফরমালিটিজের জন্য যাওয়া।’

পরিবারের সদস্যরা জানান, ওইদিন সকাল ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি, কিন্তু আর ফেরেননি। নিখোঁজ থাকার বিষয়টি পরিবার ২১ আগস্ট রাতেই থানায় জিডি করেন।

বিভুরঞ্জন সরকার ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক। স্কুল ছাত্র অবস্থায় তিনি সাংবাদিকতার পেশায় জড়ান এবং একই সঙ্গে বাম রাজনীতির প্রতি আকৃষ্ট হন। পঞ্চগড়ে থাকা অবস্থায় তিনি দৈনিক আজাদের প্রতিনিধি ছিলেন। পরে ঢাকায় সাপ্তাহিক একতা, দৈনিক রূপালী-তে কাজ করেন। নিজে সম্পাদনা করেছেন সাপ্তাহিক ‘চলতিপত্র’। একসময় ‘মৃদুভাষণ’ নামে সাপ্তাহিকের নির্বাহী সম্পাদক ছিলেন এবং দৈনিক মাতৃভূমি-র সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।

আশির দশকে তিনি সাপ্তাহিক যায়যায়দিন-এর সহকারী সম্পাদক থাকাকালে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লিখে ব্যাপক পরিচিতি লাভ করেন। সর্বশেষ তিনি দৈনিক আজকের পত্রিকা-র জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।