খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
রাজনৈতিক চাপ ও প্রভাবশালীদের প্রভাবে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় পরীক্ষা কেন্দ্র স্থাপনের অনিয়ম দূর করতে ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলো নতুন করে নির্ধারণের উদ্যোগ নিয়েছে। যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, নিরাপত্তা এবং শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে কেন্দ্র চূড়ান্ত করার জন্য জেলা প্রশাসকদের মতামত চেয়ে জরুরি চিঠি পাঠানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠি থেকে জানা যায়, গত কয়েক বছরে প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে, আবার কোথাও কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও কেন্দ্র স্থাপন করা হয়নি। এতে পরীক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে এবং পরীক্ষা পরিচালনায় নানা সমস্যা তৈরি হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে বোর্ড কেন্দ্রগুলো পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নতুন কেন্দ্র হিসেবে এমন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে হবে যেখানে যোগাযোগব্যবস্থা ভালো, পর্যাপ্ত অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কেন্দ্র নির্ধারণ করতে হবে এবং কোনো অবস্থাতেই ভেন্যু কেন্দ্র স্থাপন করা যাবে না। যে প্রতিষ্ঠানে পরীক্ষা হবে, সে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে পরীক্ষা দিতে পারবে না।
নির্দেশনায় আরও বলা হয়, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠানকেই কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে এবং তাদের বোর্ডের দায়িত্ব পালনের সক্ষমতা থাকতে হবে।
এই চিঠি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বোর্ড এই বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে, কারণ জেলা পর্যায় থেকে পাওয়া মতামতের ভিত্তিতে কেন্দ্র পুনঃনির্ধারণ করা হবে।
খবরওয়ালা/টিএসএন