চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। অভিযানকালে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাসদস্যরা জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার গহিন পাহাড়ের ভেতরে থাকা অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায়।’
অভিযানকালে কারখানা থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, ১টি মেগাফোন, ৪টি প্যারাস্যুট ফ্লেয়ার এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি।
সেনাবাহিনী আটককৃত চারজনকে সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। তবে এখনও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। তাদের থানায় আনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খবরওয়ালা/শরিফ



