আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ই সেপ্টেম্বর ২০২৫, ১:৩০ পিএম
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো রবিবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে একটি শিশুর মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, আরেকজন তরুণীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গতকাল শনিবার রাতে রাশিয়ার এই ড্রোন হামলায় কিয়েভের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো বলেন, নিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থিত দারনিৎস্কি এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ভূপাতিত রুশ ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন লাগে। সেখানে উদ্ধার অভিযানের সময় চিকিৎসা কর্মীদেরও ডাকা হয়।
ক্লিৎসকো তার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে আরও জানান, এই ঘটনায় একজন অন্তঃসত্ত্বা নারীসহ আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কিয়েভের পশ্চিমাঞ্চলের স্ভিয়াতোশিনস্কি এলাকার একটি ১৬ তলা এবং দুটি ৯ তলা ভবনের উপরের অংশেও আগুন ধরে যায়।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা থেকে বোঝা যায় যে শহরের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় ছিল। সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।
মস্কো তাৎক্ষণিকভাবে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই চলমান সংঘাতে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।
বিশ্লেষকদের ধারণা, এই নতুন হামলার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে সহায়তা করা থেকে বিরত থাকার বিষয়ে একটি কড়া বার্তা দিয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত এই সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য