আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২:২৬ পিএম
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) বিভাজন ঠেকাতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করতে যাচ্ছেন। জাপানের সরকারি টেলিভিশন ও সম্প্রচার সংস্থা নিপ্পন হোসরাই কাইশা (এনএইচকে) আজ রবিবার দুপুরে এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে এলডিপি-কোমেইতো জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকেই মূলত দলের মধ্যে বিভেদের আশঙ্কা তৈরি হয়। এর জেরে শিগেরু ইশিবার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।
যদিও গত সপ্তাহেও ইশিবা তার পদে থাকার কথা জানিয়েছিলেন এবং অর্থনীতিসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মনোযোগী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত শুক্রবারও তিনি ঘোষণা দেন যে আগামী মাসগুলোতে অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজ বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
তার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এ বছর আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
জাপান টাইমসের প্রতিবেদন অনুসারে, কিছুদিন আগেও তিনি পদত্যাগের খবর দৃঢ়ভাবে অস্বীকার করলেও দলের প্রবীণ নেতাদের পরামর্শে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। দলের ঐক্য বজায় রাখার জন্য তার পদত্যাগ জরুরি বলে দলের অধিকাংশ সদস্য মনে করছেন। সম্ভবত এই কারণেই তিনি শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য