চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট বাধ্যতামূলক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ আজ থেকে শুরু হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এই সময়ের মধ্যে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনাও জমা দিতে হবে। যদি কোনো প্রার্থীর ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে, তাহলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সকাল ৯টায় চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর এই তিন দিন মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আর ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম চলবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “সকাল ৯টা থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি এবং আগামী তিন দিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই তিন দিনের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা হল সংসদের মনোনয়নপত্রের ফি ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের ফি ৩০০ টাকা নির্ধারণ করেছি। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীকে ডোপ টেস্টের জন্য একটি কার্ড দেওয়া হবে। পরে প্রার্থী সেই কার্ড নিয়ে ৩৫০ টাকা ফি জমা দিয়ে চবি মেডিকেলে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসবেন। ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।”

নির্বাচন আয়োজন সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন নিয়ে আমরা খুবই আশাবাদী। চাকসু নির্বাচন কমিশনের সদস্যদের অনেকের দলীয় পরিচয় থাকতে পারে, তবে আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে নির্বাচন পরিচালনা করব। এখন পর্যন্ত কোনো ছাত্রসংগঠন আমাদের কাজে কোনো বাধা দিচ্ছে না। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় একটি স্বচ্ছ চাকসু নির্বাচন উপহার দেব।”

গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সেই তফসিল অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিন দিন পর, ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ হবে আগামী ১২ অক্টোবর।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।