নেপালে বিক্ষোভে সহিংসতা পরিকল্পিত রাষ্ট্রবিরোধী অপরাধ: কার্কি

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রবিবার জানান, গত সপ্তাহে জেন-জি আন্দোলন চলাকালীন সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুর ‘দেশের বিরুদ্ধে পরিকল্পিত অপরাধ’।

এর আগে শুক্রবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে কার্কি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ঘোষণা দেন এবং দেশের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

দায়িত্ব গ্রহণের পর সিংহ দরবার থেকে প্রধানমন্ত্রীর অফিসের বক্তব্যে তিনি বলেন, ‘এসব অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত হওয়া উচিত এবং সত্য উদঘাটন করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।’ তিনি আরও বলেন, ‘দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রতিশ্রুতি জরুরি।’

কার্কি মন্তব্য করেন, ‘মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে আমি আগে কখনো এমন পরিবর্তন দেখিনি। এই তরুণ প্রজন্মের দাবিগুলো পূরণে আমাদের দৃঢ় সংকল্প নিয়ে এগোতে হবে। আমি ইচ্ছা করে এখানে আসিনি; আপনাদের আহ্বানেই এই দায়িত্ব নিয়েছি। প্রতিবাদের নামে যা ঘটেছে, তা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যা এক ধরনের ষড়যন্ত্রের প্রশ্ন তোলে।’

তিনি উল্লেখ করেন, সরকার সিংহ দরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসায়িক কমপ্লেক্স ও ব্যক্তিগত সম্পত্তিতে ভাঙচুরের তদন্ত করবে। একই সঙ্গে তিনি দেশকে অর্থনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতে ইতিবাচক মানসিকতা এবং সকলের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অর্থনীতিবিদরা অনুমান করছেন, সরকারি ও বেসরকারি খাতের অবকাঠামো এবং সরকারি নথিপত্রের ক্ষয়ক্ষতি মিলিয়ে আর্থিক ক্ষতি প্রায় তিন ট্রিলিয়ন নেপালি রুপি, যা নেপালের দেড় বছরের বাজেটের সমান বা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় অর্ধেক। অর্থনীতিবিদ চন্দ্র মণি আধিকারী বলেন, ‘আমাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ১ শতাংশের নিচে নেমে আসবে।’

সূত্র: দ্য কাঠমাণ্ডু পোস্ট

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।