দেশে অবৈধ অস্ত্র আসছে বলে উদ্বেগ প্রকাশ করলেন লুৎফুজ্জামান বাবর

দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাবর বলেন, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সম্প্রতি ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র প্রবেশের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার যথেষ্ট চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির অবস্থান তুলে ধরে বাবর আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। তবে কিছু বিষয় নিয়ে দলের মধ্যে উদ্বেগ রয়েছে, সেগুলো নিয়েই সরকারের সঙ্গে আলোচনা করতে এসেছেন। এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।

প্রসঙ্গত, প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানের সঙ্গে বাবরের নামও আসামির তালিকায় যুক্ত হয়।

পরে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন। সবশেষ ২০২৫ সালের ১৬ জানুয়ারি সব মামলা থেকে খালাস পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।