খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
বরিশালের মুলাদী উপজেলার একটি বাড়ি থেকে হাতবোমা ও দেশি অস্ত্র উদ্ধারসহ দুই ভাইকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম।
আটকরা হলেন— ওই গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও বশির হাওলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হাওলাদার ও সরদার বংশের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে ২০২৩ সালের ২৩ অগাস্ট সরদার বংশের লোকজন আব্দুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করে।
ওই ঘটনায় কামাল সরদার ও জামাল সরদারসহ সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েকদিন আগে তারা জামিনে মুক্তি পান। এরপর ফেরিঘাট এলাকায় আবারও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পায় পুলিশ।
ওসি সফিকুল ইসলাম জানান, সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে আব্দুর রব হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ঘর তল্লাশি করে আটটি বল্লম ও লেজা, ১৩টি হাতবোমা, বিভিন্ন দেশি অস্ত্র এবং নগদ পাঁচ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আব্বাস ও বশিরকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হবে।
খবরওয়ালা/শরিফ