খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরত আলী (৪৯) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরত আলী ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকালে সুরত আলী তার ইজিবাইক চার্জ দিচ্ছিলেন। চার্জারের সুইচ বন্ধ না করেই গাড়িটি খুলতে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুস সালাম শেখ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সুরত আলীর মৃত্যু হয়েছে।’
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/শরিফ