খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
দুবাইয়ের ঝলমলে আলোয় রচিত হলো নতুন এক অধ্যায়। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে লিটন দাস এমন একটি মাইলফলক স্পর্শ করলেন, যা এতদিন ধরে দখলে রেখেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন জাতীয় দলের বর্তমান অধিনায়ক।
সাকিবের মোট রান ছিল ২ হাজার ৫৫১। এই ম্যাচে লিটনের প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। তিনি ১৬ বলে ২৩ রানের একটি সংক্ষিপ্ত ও কার্যকর ইনিংস খেলে তার সতীর্থ এবং পূর্বসূরিকে অতিক্রম করে যান। ১১৪তম ম্যাচেই এই রেকর্ড গড়লেন লিটন, যেখানে সাকিবের লেগেছিল ১২৯টি ম্যাচ।
লিটনের সংগ্রহে ইতিমধ্যেই রয়েছে ১৫টি অর্ধশতক এবং বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। নিয়মিত ওপেনার হিসেবে খেললেও এই ম্যাচে তিন নম্বরে নেমেও নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিলেন তিনি।
১৮ বছরের দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষে সাকিব রেখে গেছেন অনেক অবিস্মরণীয় রেকর্ড। তবে বর্তমান অধিনায়ক লিটনের সামনে এখন সুযোগ বাংলাদেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করার।
খবরওয়ালা/টিএসএন