খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
জনপ্রিয় ভারতীয় গায়ক কুমার শানু যেমন তার গানের জন্য আলোচিত, তেমনি তার ব্যক্তিগত জীবনের জন্যও বহুবার শিরোনামে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রাক্তন স্ত্রী রিতা ভট্টাচার্য তাদের দাম্পত্য জীবনের অন্ধকার দিকগুলো উন্মোচন করেছেন। তিনি দাবি করেছেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে, এমনকি গর্ভবতী অবস্থায়ও তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
ফিল্ম উইন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে রিতা জানান, শানুর গায়ক হিসেবে সফল হওয়ার পেছনে তার বড় ভূমিকা ছিল। তিনি বলেন, ‘গায়ক হিসেবে শানু অসাধারণ, কিন্তু মানুষ হিসেবে তার কথা যত কম বলা যায় ততই ভালো। তিনি কখনো উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না। আমিই তাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করেছি।’
মুম্বাইয়ে তাদের প্রথম জীবনের কষ্টের দিনগুলোর কথাও রিতা স্মরণ করেন। তিনি বলেন, ‘তখন আমাদের কোনো টাকা বা যাতায়াতের ব্যবস্থা ছিল না। শানু লুঙ্গি পরে ঘুরে বেড়াতেন। তিনি আজও মিথ্যা বলেন যে তার পরিবার তাকে মুম্বাই পাঠিয়েছিল। আসলে আমরা মেঝেতে পাখা ছাড়া ঘুমাতাম। আমি তাকে লড়াই করার জন্য রাস্তায় পাঠিয়ে দিতাম।’
‘আশিকি’র পর শানুর পরিবর্তন
রিতা অভিযোগ করেন, ১৯৯০ সালে ‘আশিকি’ সিনেমার বিশাল সাফল্যের পর শানুর আচরণ বদলে যায়। তিনি ‘অসভ্য’ হয়ে ওঠেন এবং পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করেন। এমনকি বড় ছেলে জিকোর বিয়েতেও তিনি কোনো যোগাযোগ রাখেননি। রিতা বলেন, ‘আলোচনায় থাকতে তার ভালো লাগে—তা নেতিবাচক বা ইতিবাচক যা-ই হোক। তখন তিনি আমাকে আর ছেলেকে ব্লক করে দেন। এটা ছিল খুবই অপমানজনক।’
গর্ভাবস্থায় নির্যাতন
সবচেয়ে কঠিন সময়ের কথা বলতে গিয়ে রিতা জানান, তৃতীয়বারের মতো গর্ভবতী থাকা অবস্থায় তিনি অকথ্য নির্যাতনের শিকার হন। তার ভাষায়, ‘আমার বাবা যখন মারা যান, তখন জান আমার গর্ভে ছিল। নির্যাতনের সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। সেই সময় শানু আদালতে আমার বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। গর্ভাবস্থায় একজন স্ত্রীকে আদালতে টেনে নেওয়া! এদিকে তার অন্য সম্পর্কের প্রমাণও বেরিয়ে আসে।’
রিতা আরও জানান, সেই সময় তাকে খাবার থেকেও বঞ্চিত করা হয়েছিল। ‘একবার তারা বাইরে গিয়ে রান্নাঘরের স্টোররুম তালাবদ্ধ করে রেখে যায়। আমি একজন প্রহরীকে পাঠিয়ে এক কেজি চাল কিনে এনে নিজে রান্না করি। তখন আমি গর্ভবতী ছিলাম, কিছুই করতে পারতাম না। এমনকি আমার সন্তানদের দুধ দেওয়াও বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল, শিশুর চিকিৎসকের খরচ দেওয়া হবে না,’ তিনি বলেন।
বিবাহবিচ্ছেদ ও নতুন সংগ্রাম
১৯৮৬ সালে কুমার শানু ও রিতা ভট্টাচার্যের বিয়ে হয়েছিল। তাদের তিন সন্তান—জিকো, জ্যাসি ও জান কুমার শানু। ১৯৯৪ সালে অভিনেত্রী কুনিক্কা সাদানন্দের সঙ্গে শানুর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়লে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সন্তানদের দায়িত্ব পান রিতা। এই অভিযোগগুলো নিয়ে কুমার শানুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবরওয়ালা/টিএসএন