চাঁদাবাজি-দখলদারীর অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নড়াইলে চাঁদাবাজি, দখলদারী, দোকান লুট ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে সেলিম রেজা ইউসুফ নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফাইড পেজে প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নড়াইল জেলা বিএনপির একাধিক নেতা মোবাইল ফোনে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারী, দোকান লুট ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।’ এরইমধ্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশের এক চিঠি কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ বলেন, ‘চিঠিটি ফেসবুকে দেখেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অচিরেই এর খোলশা হবে।’

গত মাসের ৫ তারিখ নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকার আকিজ শেখের স্ত্রী রহিমা খানম থানায় কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।