দুই হাত না থাকা সেই জসিম পাচ্ছেন এনআইডি কার্ড

ফরিদপুরের নগরকান্দায় পা দিয়ে লিখে এইচএসসি পাস করা জসিম মাতুব্বরকে (২৬) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের উদ্যোগে বুধবার (২৪ সেপ্টেম্বর) জসিমকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তার চোখের আইরিশের ছবি ও স্বাক্ষর সংগ্রহ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, ‘বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জসিম তার কার্যালয়ে আসেন। পরে তিনি (ইউএনও) তাকে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে যান। সেখানে জসিমের চোখের আইরিশের ছবি ও স্বাক্ষর সংগ্রহ করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ কাজগুলো সম্পন্ন হওয়ার পর সঙ্গে প্রত্যয়নপত্র সংযুক্ত করে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনে কাগজপত্র পাঠানো হয়। খুব দ্রুততম সময়ের মধ্যেই জসিম জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে যাবেন।’

জন্ম থেকে দুই হাতহীন জসিম মাতুব্বর পা দিয়ে লিখেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেছেন। বর্তমানে তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। তবে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র না থাকায় পড়াশোনা ও সরকারি–বেসরকারি নানা সেবায় ভোগান্তিতে পড়তে হচ্ছিল তাকে।

গত ২০২৩ সাল থেকে জসিম জাতীয় পরিচয়পত্রের জন্য নির্বাচন অফিসে আবেদন করে আসছিলেন। একাধিকবার অনলাইনে আবেদন জমা দিলেও কোনো ফল মিলছিল না। শেষ পর্যন্ত তিনি হাল ছেড়ে দিয়েছিলেন।

পরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তার পাশে দাঁড়ান নগরকান্দার ইউএনও দবির উদ্দিন। তার আগ্রহেই শুরু হয় এনআইডি দেওয়ার প্রক্রিয়া।

জসিম মাতুব্বর তার অনুভূতি জানিয়ে বলেন, ‘আমি আজ সত্যিই খুব আনন্দিত। জন্ম থেকে হাত না থাকার কারণে অনেক কষ্ট করেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু জাতীয় পরিচয়পত্র পাইনি। পড়াশোনা ও নানান কাজে আমি সমস্যায় পড়তাম। আজ ইউএনও স্যার আমার পাশে দাঁড়িয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।