খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি শতবর্ষী কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে বলে শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানিয়েছেন।
কালী মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস বলেন, ‘আমাদের মন্দির শতবর্ষী। ১০০ বছর আগে থেকে এখানে কালী পূজা হচ্ছে। সকালে স্থানীয়রা মন্দির প্রাঙ্গণে গিয়ে ভাঙচুরের চিহ্ন দেখে আমাকে জানান। কালী প্রতিমার হাত, মাথা ভেঙে দিয়ে গেছে।’
গ্রামে আগে কখনও এমন ঘটেনি জানিয়ে রঞ্জন বিশ্বাস আরও বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান এখানে একসঙ্গে বাস করছি। কোনো বিরোধ নেই। আগামীকাল থেকে দুর্গা পূজা শুরু হবে। এলাকায় অশান্তি সৃষ্টির পাঁয়তারা হচ্ছে বলে ধারণা করছি।’
এ ঘটনায় পুলিশ সুপার, পূজা উদযাপন পরিষদ, উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি কামাল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা জানান, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খবরওয়ালা/শরিফ