খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাড়কে একটি দ্রুতগতির বাসের ধাক্কায় মো. কবির (২০) নামের একজন নির্মাণশ্রমিকের প্রাণহানি ঘটেছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় মহাসড়কটি পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. কবির কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের সন্তান। তিনি একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠানে অস্থায়ী নির্মাণকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী রিয়াজ উদ্দিনের ভাষ্যমতে, মো. কবির মুঠোফোনে আলাপ করতে করতে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় দ্রুতবেগে আসা একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পথে তার মৃত্যু হয়।
খবরওয়ালা/টিএসএন