যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মুসলিম দেশগুলোর খসড়া নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর জিও নিউজ।
শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেছেন, তা আমাদের নয়, আমাদের খসড়ায় পরিবর্তন আনা হয়েছে।’ তিনি আরও বলেন, জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ ও ওআইসি ব্যর্থ হওয়ায় মুসলিম দেশগুলো শেষ আশার প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল।
প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত পরিকল্পনায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব রয়েছে। এই পরিকল্পনা উন্মোচন করা হয়েছিল পাকিস্তান, সৌদি আরব, কাতার, জর্ডান, মিশর, তুরস্ক ও ইন্দোনেশিয়াসহ আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর।
শেহবাজ শরিফ প্রথমে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানালেও পরে পাকিস্তান কিছুটা দূরত্ব তৈরি করে। এ প্রসঙ্গে ইসহাক দার ব্যাখ্যা দিয়ে বলেন, শেহবাজ শরিফ কেবল ট্রাম্পের একটি টুইটের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
ইসহাক দার আরও জানান, সৌদি পররাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেছে। তবে বাকি বিষয়ে আলোচনার সুযোগ রাখা বা ট্রাম্পের ২০ দফা বাস্তবায়ন—এই দুই বিকল্প ছিল। পাকিস্তান দ্বিতীয় বিকল্পকে সমর্থন করেছে।
পাকিস্তানের ফিলিস্তিন নীতি নিয়ে তিনি সংসদে আশ্বস্ত করে বলেন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সময় থেকে এই নীতি যেমন ছিল, এখনো তেমনই রয়েছে এবং ভবিষ্যতেও বদলাবে না।
তিনি আরও জানান, গাজায় সাহায্য বহনকারী আটককৃত ফ্লোটিলার মধ্যে পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক আহমদও রয়েছেন। একটি ইউরোপীয় দেশের মাধ্যমে এ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলেও উল্লেখ করেন ইসহাক দার।
খবরওয়ালা/এন



