ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে। এর পর ট্রাম্প গাজায় ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান। তা সত্ত্বেও শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েল।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তাসংস্থা এএফপিকে বলেন, গতকাল রাতটি ছিল বেশ সহিংস। ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও অন্যান্য এলাকায় অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা চালিয়েছে।

মাহমুদ বাসিল আরও জানান, গত রাতের হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।

হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মানার পর এবং ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশ দেওয়ার পর গাজা সিটির মানুষ তাদের নিজ বাড়িতে ফিরে আসা শুরু করেছেন।

এদিকে দখলদার ইসরায়েল সাধারণ মানুষকে সতর্ক করেছে। তারা জানিয়েছে, গাজা সিটি অত্যন্ত বিপজ্জনক যুদ্ধপ্রবণ এলাকা। সেখানে ফিরে গেলে প্রাণহানির ঝুঁকি রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা সিটিতে আমাদের সেনারা এখনো অভিযান চালাচ্ছে। সেখানে ফেরা অত্যন্ত বিপজ্জনক। আপনার নিরাপত্তার জন্য, গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং যেখানে সেনারা সক্রিয় রয়েছে সেখানে যাবেন না।

তবে হামাস শর্তসাপেক্ষে ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানালে গাজার সাধারণ মানুষ আশা দেখছেন যে, আড়াই বছর ধরে চলা এই যুদ্ধ অবশেষে থামতে পারে।

কিন্তু স্থায়ী যুদ্ধবিরতি হবে কি না তা এখনও স্পষ্ট নয়। কারণ ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিকভাবে গাজা থেকে প্রত্যাহারের কথা বলা হয়নি। অপরদিকে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে, যা ফিলিস্তিনি এই গোষ্ঠী সহজে মানবে না।

সূত্র: এএফপি

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।